ইন্দোনেশিয়ায় দাবানল ও শিল্পকারখানার দূষণে গত সেপ্টেম্বরে বায়ুদূষণজনিত কারণে আনুমানিক ৫ হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু বন ও ভূমিতে আগুনের ধোঁয়া থেকে সৃষ্ট দূষণের কারণে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৫৬০ জন। একই মাসে দেশটির প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রার দূষিত বাতাসে শ্বাস নিয়েছেন।
হেলসিংকিভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটির হিসাবে, দাবানলের কারণে সেপ্টেম্বরে বায়ুদূষণজনিত মৃত্যুর সংখ্যা আগের মাস আগস্টের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে।
গবেষণায় বায়ুদূষণের জন্য দায়ী পিএম ২.৫ নামের অতি সূক্ষ্ম কণার স্বল্পমেয়াদি সংস্পর্শের প্রভাব বিবেচনায় নেওয়া হয়েছে। এসব ক্ষুদ্র দূষণকারী কণার সংস্পর্শে আসার কয়েক দিনের মধ্যেই মানুষের মৃত্যু ঘটতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দাবানলজনিত দূষণে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের অংশে। এ ছাড়া জাভা ও সুমাত্রা দ্বীপসহ দেশটির পূর্বাঞ্চলেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
তবে দাবানলের ধোঁয়াই দেশটির বায়ুদূষণের একমাত্র উৎস নয়। গবেষকেরা শহরাঞ্চল ও শিল্পকারখানা থেকে নির্গত ধোঁয়া এবং অন্যান্য দূষণের প্রভাবও হিসাব করেছেন। তাঁদের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে এসব উৎসের দূষণের কারণে আরও ১ হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে দাবানল, শিল্পকারখানা ও অন্যান্য উৎসের বায়ুদূষণে ওই মাসে ইন্দোনেশিয়ায় আনুমানিক ৫ হাজার ৩১০ জনের প্রাণহানি ঘটেছে।
প্রায় ২৭ কোটি ৮০ লাখ মানুষের দেশ ইন্দোনেশিয়ায় দাবানল ও শিল্পকারখানার দূষণ জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করছে বলে গবেষণায় উঠে এসেছে।
সূত্র: আরব নিউজ।
মন্তব্যসমূহ