বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার দুপুর ২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।
সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
দুই পক্ষ পারস্পরিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়েও মতবিনিময় করেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সচিব কাজী নজরুল ইসলাম এবং সহকারী ব্যক্তিগত সচিব জাহেদুল আলম বৈঠকে অংশ নেন।