ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তুলি এবং কৃষক আব্দুল খালেক। বিষয়টি নিশ্চিত করেছেন কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামে পুকুরপাড়ে বসে মোবাইলে কথা বলছিলেন কলেজ শিক্ষার্থী তুলি। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একই সময়ে কালাদহ গ্রামের নিচপাড়ায় বজ্রপাতে আব্দুল খালেক নামের এক কৃষকের মৃত্যু হয়। আছরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান জানান, বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।