সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারে শক্তিশালী বজ্রপাতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তীব্র বজ্রঝড়ের মধ্যে টাওয়ারটির চূড়ায় বজ্রপাতের নাটকীয় মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে।আল জাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মেঘাচ্ছন্ন আকাশ থেকে একটি শক্তিশালী বজ্ররেখা সরাসরি ক্লক টাওয়ারের সর্বোচ্চ অংশে আঘাত হানে। এর পরপরই উজ্জ্বল আলোর ঝলকানিতে কয়েক মুহূর্তের জন্য মক্কার আকাশ আলোকিত হয়ে ওঠে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে।ঘটনার সময় মক্কা ও সৌদি আরবের কয়েকটি অঞ্চলে অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করছিল। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র মক্কাসহ বিভিন্ন এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি, দমকা বাতাস এবং আকস্মিক বন্যার ঝুঁকির পূর্বাভাস দিয়েছিল।[BANGVIEWS-POST:4596]বজ্রপাতের কারণে ক্লক টাওয়ারে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।মসজিদুল হারামের পাশে অবস্থিত মক্কা রয়্যাল ক্লক টাওয়ার আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ। সুউচ্চ এই স্থাপনাটি মক্কার অন্যতম পরিচিত স্থাপত্য নিদর্শন। অতীতেও প্রবল ঝড়-বৃষ্টির সময় টাওয়ারটির চূড়ায় বজ্রপাতের দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে।সাম্প্রতিক এই বজ্রপাতের ভিডিওতে টাওয়ারের চূড়ার অর্ধচন্দ্রের কাছাকাছি অংশে বজ্র আঘাত করতে দেখা যায়। প্রকৃতির এমন নাটকীয় দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।সূত্র: আল জাজিরা