ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। দ্রুতই এ পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
সংসদে মোস্তাফিজুর রহমান জানতে চান, সম্মিলিত ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গভাবে কার্যকর ও সচল করতে অর্থ মন্ত্রণালয়ের কী পরিকল্পনা রয়েছে।
জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক রেজল্যুশন স্কিম ২০২৫ অনুযায়ী রেজল্যুশনের আওতায় থাকা পাঁচটি ব্যাংকের গ্রাহকরা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তাদের আমানত উত্তোলন করতে পারছেন।
তিনি জানান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইতোমধ্যে সরকার মনোনীত করেছে এবং তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। পাশাপাশি ব্যাংকটির পর্ষদে পরিচালকও নিয়োগ দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুনভাবে গঠিত পরিচালনা পর্ষদ ব্যাংকটিকে দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ কার্যকর ও পূর্ণ লেনদেন চালুর লক্ষ্যে কাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ নিবিড় তদারকি করছে।
তিনি জানান, ব্যাংকটির সাংগঠনিক কাঠামো ও চাকরি প্রবিধানমালা প্রস্তুত, তথ্যপ্রযুক্তি ব্যবস্থা, কোর ব্যাংকিং সিস্টেম, জনবল ও শাখাসমূহ একীভূতকরণের কাজ চলছে।
এ ছাড়া কোম্পানি সেক্রেটারি, চিফ ফাইন্যান্স অফিসার ও চিফ টেকনোলজি অফিসার নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, এসব কার্যক্রম সম্পন্ন হলে সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম চালু করা সম্ভব হবে।