র্যাবের পরিবর্তে প্রস্তাবিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন দেশের নিরাপত্তার জন্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এসআরবি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
লুৎফুজ্জামান বাবর বলেন, দেশে এখনো বিভিন্ন ধরনের নাশকতা ও বোমা হামলার ঘটনা ঘটছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় র্যাবের মতো একটি বিশেষায়িত বাহিনীর প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার একটি বাহিনী থাকা জরুরি।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অতীতে র্যাব সন্ত্রাস দমন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। এসব কার্যক্রমের মাধ্যমে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, র্যাবের কার্যক্রম নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে এবং সেই বিষয়ে তিনিও কথা বলেছেন। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে তিনি নিজেও র্যাবের কর্মকাণ্ডের কারণে ভুক্তভোগী হয়েছেন।
বাবর বলেন, কোনো বিশেষ বাহিনীর কার্যক্রম যেন রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে, সেটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতিশ্রুতি অনুযায়ী বাহিনী পরিচালনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, র্যাবের কাঠামো পরিবর্তনের বিষয়ে আলোচনা হলেও দেশের নিরাপত্তার স্বার্থে একটি কার্যকর বিশেষ বাহিনী প্রয়োজন বলে তিনি মনে করেন।
বিরোধী দলের সদস্যদের আশ্বস্ত করে বাবর বলেন, এসআরবি জনগণের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যেই গঠন করা হচ্ছে এবং বাহিনীটি দায়িত্বশীলভাবে পরিচালিত হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত কিছু বিষয় প্রকাশ্যে বলা সম্ভব নয়, তবে দেশের স্বার্থে এ ধরনের একটি সংগঠন প্রয়োজন।