চীনের মোকি শহরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।
শক্তিশালী জাপানের বিপক্ষে শুরু থেকেই লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টারে দুই দলই গোল করতে ব্যর্থ হয়। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথম ১৫ মিনিট।
দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়ায় জাপান এবং একটি গোল করে এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশের রক্ষণভাগ জাপানকে আর গোল করতে দেয়নি। তবে শেষ কোয়ার্টারে আরও একটি গোল করে ব্যবধান বাড়ায় জাপান।
শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই ম্যাচে জয় পেলে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেত বাংলাদেশ। এশিয়া অঞ্চল থেকে চারটি দল বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে, যেখানে সেমিফাইনালে ওঠা দলগুলো সাধারণত সরাসরি জায়গা করে নেয়।
তবে স্বাগতিক দেশ যদি সরাসরি বিশ্বকাপে অংশ নেয়, তাহলে পঞ্চম স্থান অর্জনকারী দলেরও সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন বাংলাদেশ দলের কোচ আরিফ আলী।
বাংলাদেশের সামনে এখন পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ। আগামী ম্যাচে তাদের প্রতিপক্ষ হতে পারে দক্ষিণ কোরিয়া অথবা মালয়েশিয়া।
এদিকে, অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দলও আগামীকাল জাপানের বিপক্ষে মাঠে নামবে। ওই ম্যাচে জয় পেলে বাংলাদেশ আবারও যুব হকি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে পরাজিত হলে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে।