ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তির খবর। চোট কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে ফেরার অপেক্ষায় আছেন নেইমার। ব্রাজিলের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেলি জানিয়েছেন, মাঠে নামতে মুখিয়ে আছেন এই তারকা ফরোয়ার্ড।
মে মাস থেকে মাঠের বাইরে ছিলেন নেইমার। কাফ মাসেলের চোট কাটিয়ে গত সপ্তাহে ব্রাজিলের অনুশীলনে যোগ দেন তিনি। এরপর থেকেই স্কটল্যান্ড ম্যাচে তার ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।
সাংবাদিকদের মার্তিনেলি বলেন, ‘নেইমার মাঠে নামার জন্য উদগ্রীব। সবাই ওর মান জানে। ও খুবই মোটিভেটেড। আমাদের দলে ওর মতো একজন প্লেয়ার থাকায় খুশি।’
ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিও জানিয়েছেন, মায়ামিতে বৃহস্পতিবারের ম্যাচে নেইমারকে পাওয়া যাবে। তবে তাকে শুরু থেকে খেলানো হবে না। বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করবেন তিনি।
২০২৩ সালের অক্টোবরের পর ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামেননি নেইমার। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে তার ফেরা তাই ব্রাজিলের জন্য বড় প্রেরণা হয়ে উঠতে পারে। ধারণা করা হচ্ছে, এটিই হতে পারে নেইমারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। মরক্কোর পয়েন্টও সমান, তবে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে সেলেসাওরা। স্কটল্যান্ডের বিপক্ষে জিতে গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে যেতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আনচেলত্তি বলেন, মায়ামিতে জয় তুলে নিয়ে গ্রুপের এক নম্বর দল হিসেবে নকআউটে যেতে চায় ব্রাজিল। তার মতে, এখানে থাকার সুবিধা হলো দল ভালো হোটেল, অনুশীলন কেন্দ্র ও ক্যাম্প সুবিধা পাচ্ছে। দ্বিতীয় স্থানে শেষ করলে মেক্সিকোতে গিয়ে খেলতে হবে, এতে পুরো সূচিতে পরিবর্তন আসবে।
ব্রাজিল কোচ আরও বলেন, দলের মানসিকতা হলো জয় নিয়ে মায়ামিতেই থাকা। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ তাই শুধু গ্রুপসেরা হওয়ার লড়াই নয়, বরং নকআউটের প্রস্তুতির জন্যও গুরুত্বপূর্ণ।