জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধের কথা বলা হলেও বর্তমানে ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সবার সঙ্গে আলোচনা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির আয়োজনে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও সমতা নিশ্চিত করা জরুরি। তিনি অভিযোগ করেন, একদিকে দুর্নীতি বন্ধের কথা বলা হচ্ছে, অন্যদিকে ভাইভা পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা হলেও বাস্তবে বিভিন্ন ঘটনায় মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে নতুন রাজনৈতিক চিন্তা ও উদ্যোগকে গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ দলের অন্যান্য নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ বেলাল।
সভা শেষে জুলাই ৩৬ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।