সরকার ও বিএনপির ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে অনুপ্রবেশকারী এবং দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করা ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর কোতোয়ালী থানার ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইশরাক হোসেন বলেন, জনগণের চাওয়া-পাওয়াকে ধারণ করে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে। জনগণের কাছে দলের ভাবমূর্তি নষ্ট করে এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ঢাকা-৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এলাকার ১১টি ওয়ার্ডের দায়িত্ব তার। এলাকায় ভালো কিছু হলে যেমন সুনাম হবে, তেমনি ব্যর্থতার দায়ও তাকেই নিতে হবে।
সদরঘাটে সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা বিএনপির সুনাম ক্ষুণ্ন করছে, তাদের কঠোরভাবে দমন করা হবে।
ইশরাক হোসেন বলেন, বিএনপির অবস্থান চাঁদাবাজি, মাদক ও দখলের বিরুদ্ধে। মাঠপর্যায়ের নেতাকর্মীদের এ বিষয়ে আরও সক্রিয় হতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচিত হয়ে শুধু পাঁচ বছরের জন্য সরকার গঠন নয়, বরং দেশকে একটি স্বাধীন, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই লক্ষ্য।
নিজ নির্বাচনি এলাকার বিষয়ে তিনি বলেন, কোনো মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজের জায়গা হবে না। বিএনপির কোনো নেতাকর্মীর সঙ্গে এসব কর্মকাণ্ডের সম্পৃক্ততা পাওয়া গেলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।