ত্রয়োদশ জাতীয় সংসদে আরও পাঁচটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে দুটি বিদ্যমান সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
নতুন গঠিত কমিটিগুলো হলো—সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহানকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন খুলনা-৫ আসনের মোহাম্মদ আলী আসগার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন গাজীপুর-৩ আসনের এস এম রফিকুল ইসলাম।
এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে রাজশাহী-৩ আসনের মোহাম্মদ শফিকুল হক মিলন এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে টাঙ্গাইল-৭ আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকীকে রাখা হয়েছে।
জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি।
এদিনের পাঁচটি নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের মোট ৪৫টি কমিটি গঠন সম্পন্ন হলো।