কানাডা থেকে নির্দিষ্ট কিছু দুগ্ধজাত পণ্য, অ্যালকোহল ও মোটরযান আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞা আগামী ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। পাশাপাশি কানাডার গাড়ি ও অ্যালকোহলজাত পণ্যের ওপর আগে থেকে থাকা ৫০ শতাংশ শুল্কের আওতা পরিবর্তনের পৃথক সিদ্ধান্ত আগামী ১৫ সেপ্টেম্বর কার্যকর হবে।
নিষেধাজ্ঞা কার্যকরের আগে যুক্তরাষ্ট্রে আমদানি করা হলেও ভোগের জন্য ছাড়পত্র না পাওয়া পণ্যের ক্ষেত্রে আগের ৫০ শতাংশ শুল্কই বহাল থাকবে।
মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইস্পাত, গৃহস্থালি যন্ত্রপাতি ও দুগ্ধজাত পণ্যের ওপর কানাডা নতুন করে শুল্ক আরোপ করায় পাল্টা ব্যবস্থা হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিষেধাজ্ঞার আওতায় বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য, অধিকাংশ অ্যালকোহলজাত পণ্য এবং কানাডা থেকে আমদানি করা মোটরযান রয়েছে।
মার্কিন কর্মকর্তার ভাষ্য, এসব পদক্ষেপের উদ্দেশ্য দুই দেশের বাণিজ্যে ‘সমান সুযোগ’ নিশ্চিত করা, পাল্টা শুল্ক আরোপ নিরুৎসাহিত করা এবং মার্কিন উৎপাদন খাতকে সুরক্ষা দেওয়া।
এদিকে কানাডার কিছু পণ্যের ওপর গত ২০ জুলাই আরোপ করা শুল্কের তালিকাতেও পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্তে সিমেন্টসহ কয়েকটি পণ্য শুল্কের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে বাণিজ্যিক যানবাহন, নির্দিষ্ট ধরনের চিজ ও মোটরবোটসহ কয়েকটি পণ্য নতুন করে শুল্কের আওতায় আনা হয়েছে।
এ ছাড়া কানাডায় উৎপাদিত পণ্য সরকারি কেনাকাটার তালিকা থেকেও বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ ও জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক ও নতুন নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য বিরোধ আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।