ওটিটিতে দীর্ঘদিনের জনপ্রিয়তার পর এবার বড় পর্দায় যাত্রা শুরু করেছে ‘মির্জাপুর’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল ও দিব্যেন্দু অভিনীত ‘মির্জাপুর: দ্য মুভি’।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের প্রেক্ষাগৃহে হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পায় গুরমিত সিং পরিচালিত সিনেমাটি। ৩ ঘণ্টা ১৭ মিনিট দৈর্ঘ্যের ছবিটি প্রথম দিনেই দেশজুড়ে ১১ হাজারের বেশি শো পেয়েছে।
বিভিন্ন বক্স অফিস ট্র্যাকারের হিসাবে, মুক্তির দিন ভারতে সিনেমাটির নেট আয় প্রায় ২৪ কোটি ৫০ লাখ রুপির কাছাকাছি। প্রথম দিনের আয় দিয়ে ২০২৬ সালের আলোচিত হিন্দি সিনেমাগুলোর উদ্বোধনী ব্যবসার তালিকায় শক্ত অবস্থান তৈরি করেছে ‘মির্জাপুর: দ্য মুভি’।
দর্শক উপস্থিতির ক্ষেত্রেও ভালো সাড়া পেয়েছে ছবিটি। দিনের প্রথম ভাগের তুলনায় বিকেল ও রাতের শোগুলোতে দর্শক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ে। বিশেষ করে উত্তর ভারতের বিভিন্ন শহরে সিনেমাটির প্রতি আগ্রহ বেশি দেখা গেছে।
ওয়েব সিরিজের পরিচিত চরিত্র কালীন ভাইয়া হিসেবে বড় পর্দায় ফিরেছেন পঙ্কজ ত্রিপাঠী। গুড্ডু পণ্ডিত চরিত্রে আছেন আলী ফজল এবং মুন্না ত্রিপাঠী চরিত্রে ফিরেছেন দিব্যেন্দু।
সিনেমাটিতে মির্জাপুরের ক্ষমতার লড়াইকে আরও বড় পরিসরে দেখানো হয়েছে। অপরাধজগতের আধিপত্য, প্রতিশোধ ও টিকে থাকার সংগ্রামের পাশাপাশি চরিত্রগুলোর ব্যক্তিগত সম্পর্ক ও দ্বন্দ্বও গল্পে গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে।
ছবির অন্যতম নতুন সংযোজন রবি কিশান। এ ছাড়া অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রসিকা দুগাল, শ্বেতা ত্রিপাঠী, শ্রিয়া পিলগাঁওকরসহ আরও অনেকে।
‘মির্জাপুর’ ওয়েব সিরিজের জনপ্রিয়তাকে বড় পর্দায় কাজে লাগানোর চেষ্টা করেছে নির্মাতা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট ও অ্যামাজন এমজিএম স্টুডিওস। মুক্তির আগেই সিনেমাটির ট্রেলার ও প্রচারণা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল।
প্রথম দিনের ব্যবসা সেই আগ্রহেরই প্রতিফলন বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকেরা। তবে সিনেমাটি দীর্ঘ মেয়াদে কতটা সফল হবে, তা নির্ভর করবে প্রথম সপ্তাহের আয় এবং দর্শকদের প্রতিক্রিয়ার ওপর।
সিনেমার শেষ অংশে ভবিষ্যৎ কাহিনির ইঙ্গিত থাকায় ‘মির্জাপুর’ ফ্র্যাঞ্চাইজির আরও একটি বড় পর্দার অধ্যায় আসতে পারে বলেও আলোচনা শুরু হয়েছে।