ভারতের চেন্নাই বিমানবন্দরে ইঞ্জিনের কারিগরি ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট। সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করা ফ্লাইটটি চেন্নাইয়ে গতিপথ পরিবর্তন করে।
ফ্লাইট এমএইচ১৫৬-এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের বিমানটি ১৮৬ জন যাত্রী ও ক্রু নিয়ে যাত্রা করছিল। উড্ডয়নের পর বিমানের ২ নম্বর ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে পরিস্থিতি বিবেচনায় চেন্নাই বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
স্থানীয় সময় বিকেল ৪টা ৭ মিনিটে বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থা নেয়। ফ্লাইটটির চেন্নাইয়ে অবতরণের নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা ৪০ মিনিট। তবে শেষ পর্যন্ত বিমানটি বিকেল ৪টা ৪৪ মিনিটে নিরাপদে অবতরণ করে।
জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে বিমানটির জন্য বিমানবন্দরের ৪৫ নম্বর বে-তে উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের সময় কোনো ধরনের বড় ধরনের সমস্যা হয়নি এবং বিমানে থাকা সবাই নিরাপদে রয়েছেন।
চেন্নাই বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইঞ্জিনের ত্রুটির পর ফ্লাইটটি চেন্নাইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বর্তমানে বিমানটির কারিগরি অবস্থা পরীক্ষা করে দেখছে মালয়েশিয়া এয়ারলাইন্সের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কারিগরি দল।
তবে ইঞ্জিনে ঠিক কী ধরনের ত্রুটি হয়েছিল এবং যাত্রীদের জেদ্দায় পৌঁছে দিতে মালয়েশিয়া এয়ারলাইন্স কী ব্যবস্থা নেবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।