ইয়েমেনে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী হুথিদের মধ্যে নতুন করে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই লড়াইয়ে দুই পক্ষের যোদ্ধাদের পাশাপাশি বহু বেসামরিক মানুষও নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি দুই পক্ষের সামরিক ও চিকিৎসা সূত্রের বরাতে জানিয়েছে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ এবং দক্ষিণাঞ্চলীয় হোদেইদা এলাকায় সংঘর্ষ সবচেয়ে বেশি তীব্র হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, লোহিত সাগরের উপকূল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির কাছে সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে বড় ধরনের অভিযান শুরু করেছে হুথি বাহিনী।
সরকারি কর্মকর্তাদের দাবি, শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত সংঘর্ষে তাদের ৮৪ জন সেনা নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছে তারা।
অন্যদিকে, হুথিদের সামরিক সূত্র জানিয়েছে, একই সময়ে তাদের ৫৭ জন যোদ্ধা নিহত হয়েছেন।
এদিকে, সংঘর্ষের কারণে বেসামরিক মানুষের দুর্ভোগও বাড়ছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ জানিয়েছে, তাইজের মাকবানাহ ও জাবাল হাবাশি এলাকায় ব্যাপক গোলাবর্ষণের কারণে প্রায় ১ হাজার ৭৯০টি পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে নতুন এই লড়াই দেশটির মানবিক সংকট আরও গভীর করছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: এএফপি