হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি হওয়া অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করেছেন, নিজেদের শুরু করা সংঘাতের অর্থনৈতিক ক্ষতির বোঝা এখন অন্য দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা করছে ওয়াশিংটন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘেই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর আগে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত ছিল। তার দাবি, ওই হামলার পরই অঞ্চলটিতে অস্থিরতা তৈরি হয় এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে নেতিবাচক প্রভাব পড়ে।
ইরানের এই কর্মকর্তা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের ‘অবৈধ যুদ্ধের’ কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, তেলবাহী ট্যাংকারের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে।
বাঘেই বলেন, সংঘাতের সূচনা যুক্তরাষ্ট্র করলেও এখন সৃষ্ট সংকটের দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে দেশটি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এই জলপথে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
সূত্র: মিডল ইস্ট আই