বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ১১ দলীয় জোটের কয়েকজন নেতার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত র্যালির আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমালোচনা করেন।
এ্যানি বলেন, সংসদে বিরোধীদলীয় নেতা রাজনৈতিক শিষ্টাচারের কথা বললেও জোটের কিছু নেতার বক্তব্যে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষায় সমালোচনা করা গ্রহণযোগ্য নয়।
তিনি প্রশ্ন রাখেন, এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে বিরোধী জোটের শীর্ষ নেতারা যথেষ্টভাবে প্রতিবাদ করেছেন কি না। তাঁর মতে, রাজনৈতিক মতবিরোধ থাকলেও বক্তব্য ও কর্মসূচিতে শিষ্টাচার বজায় রাখা প্রয়োজন।
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ নিয়েও প্রশ্ন তোলেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাস পার হয়েছে। এত অল্প সময়ে দীর্ঘদিনের গ্যাস, বিদ্যুৎ ও অর্থনৈতিক সংকট পুরোপুরি সমাধান করা বাস্তবসম্মত নয়।
এ্যানি বলেন, বিরোধী দল প্রথম থেকেই নিয়মিত আন্দোলন ও কর্মসূচি পালন করছে। সংসদে গঠনমূলক বক্তব্য দেওয়ার পাশাপাশি রাজপথেও দায়িত্বশীল আচরণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের কষ্টের বিষয়টি সরকার জানে। তবে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ, বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামোগত সমস্যা সমাধানে সময় প্রয়োজন।
তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার আগে থেকেই জ্বালানি খাতের সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিলে বর্তমান সরকারের জন্য পরিস্থিতি সামাল দেওয়া তুলনামূলক সহজ হতো।
এ্যানি বলেন, সরকার জনগণের কাছে বাস্তব পরিস্থিতি গোপন করতে চায় না। ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব হয়নি এবং সংকট কাটিয়ে উঠতে আরও সময় প্রয়োজন।
লক্ষ্মীপুর জেলা বিএনপির ব্যানারে আয়োজিত র্যালিতে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।