দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৮৩ জন খুলনা বিভাগের। এছাড়া বরিশালে ১৩২ জন, চট্টগ্রামে ১২০ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৮২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, রাজশাহী বিভাগে ৮৭ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে একজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৩৫ হাজার ৮৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ হাজার ২০৫ জন।
গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে।
এর আগের দিন রোববার ডেঙ্গুতে তিনজনের মৃত্যু এবং ১ হাজার ৯৭ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ফলে পরপর দুই দিন আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার ঠেকাতে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।
মন্তব্যসমূহ