শারদীয় দুর্গোৎসব ঘিরে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা দেশের প্রতিটি পূজামণ্ডপে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ঢাকার দোহার উপজেলার জয়পাড়া ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
শিক্ষাব্যবস্থা নিয়েও বক্তব্য দেন বিএনপির এই নেতা। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষার মান উন্নয়নের বদলে শুধু পাসের হার বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছিল। তবে তারেক রহমানের সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতার সুযোগ তৈরি করেছে বলে দাবি করেন তিনি।
বিদ্যুৎ সংকট নিয়ে জামায়াতের সমালোচনাও করেন রিজভী। তিনি প্রশ্ন তোলেন, লংমার্চ করে বিদ্যুৎ উৎপাদন বা ঘাটতি কমানো সম্ভব কি না। বিরোধী দল হিসেবে বিদ্যুৎ সংকট সমাধানে জামায়াতকে পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।
রিজভীর দাবি, দেশে যেসব বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে, সেগুলোর বেশিরভাগই আওয়ামী লীগের আমলে হয়েছে। তাঁর প্রশ্ন, এসব বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে জামায়াত কেন কোনো কথা বলছে না।
এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন রিজভী। তিনি জানান, তারেক রহমান সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক জয়পাড়া কলেজকে সরকারীকরণের উদ্যোগের কথা জানান। তিনি বলেন, এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং কলেজটি শিগগিরই সরকারীকরণের আশ্বাস পেয়েছেন।
অনুষ্ঠানে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ