জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমানকে হত্যার মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে গত ১৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য নির্ধারিত দিনে নাসির উদ্দিন সাথীকে আদালতে হাজির করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি দেন। রাষ্ট্রপক্ষের দাবি, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় নাসির উদ্দিন সাথীর টেলিভিশন চ্যানেলে আন্দোলনসংক্রান্ত খবর প্রচার না করে অন্য বিষয় তুলে ধরা হয়েছিল। তদন্তে এ ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে আদালতকে জানানো হয়। এসব যুক্তিতে তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।
তবে আসামিপক্ষের আইনজীবী ওই আবেদনের বিরোধিতা করেন। তার বক্তব্য, নাসির উদ্দিন সাথী ২০২৫ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। এক বছরের বেশি সময় ধরে কারাবন্দি থাকলেও এত দিন এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়নি। পাশাপাশি তিনি অসুস্থ বলেও আদালতকে জানান আসামিপক্ষের আইনজীবী। এসব কারণ দেখিয়ে তাকে এ মামলায় গ্রেপ্তার না দেখানোর আবেদন করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানের সময় মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আন্দোলনে অংশ নিয়েছিলেন দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান। ওই দিন দুপুরের দিকে সেখানে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে একই বছরের ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ।
তার আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মন্তব্যসমূহ