জামালপুরে এক নারীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের মামলায় সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপহরণের অভিযোগে তাদের যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ছাত্তার আলী, আব্দুল মালেক ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে ছাত্তার আলী রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে রশিদপুর ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় ওই নারী নিজ বাড়িতে ছিলেন। রাতের একপর্যায়ে আসামিরা সেখানে গিয়ে তাকে বাড়ির বাইরে নিয়ে যান। পরে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।
ঘটনার সময় ওই নারীর স্বামী ঢাকায় কর্মরত ছিলেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী জামালপুর সদর থানায় মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এরপর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচারকাজ সম্পন্ন হয়।
রাষ্ট্রপক্ষ জানায়, বিচারক সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় ধর্ষণের অপরাধে প্রত্যেককে মৃত্যুদণ্ড এবং অপহরণের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী জামিল হাসান তাপস।
মন্তব্যসমূহ