সুইজারল্যান্ডে সফল প্রাথমিক আলোচনার পর আগামী ৬০ দিনের মধ্যে পরমাণু ইস্যু, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আটকে থাকা ইরানি সম্পদ নিয়ে টেকনিক্যাল পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্যে দুই দেশ একটি রোডম্যাপে সম্মত হয়েছে, যার মাধ্যমে আলোচনাকে দীর্ঘমেয়াদি ও স্থায়ী চুক্তিতে রূপ দেওয়ার চেষ্টা চলছে।
মঙ্গলবার (২৩ জুন) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির জাতীয় সংসদে দেওয়া এক ভাষণে এই অগ্রগতির কথা জানান। পাকিস্তান ও কাতারের যৌথ মধ্যস্থতায় সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত আলোচনায় এই রূপরেখা চূড়ান্ত করা হয়।
শাহবাজ শরিফ বলেন, এই সমঝোতা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক অগ্রগতি’।
তবে ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার বিষয়টি সরাসরি নাকচ করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনো আলোচনা হয়নি।
এছাড়া ইরান স্পষ্টভাবে জানিয়েছে, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
সূত্র: আনাদোলু এজেন্সি।