পরিবহন ও অবকাঠামো খাতে সম্পর্ক আরও গভীর করছে সৌদি আরব ও ফ্রান্স। জেদ্দা ইসলামিক বন্দরের সম্প্রসারণ এবং রিয়াদ মেট্রোয় নতুন ট্রেন যুক্ত করতে ফরাসি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বড় দুটি বাণিজ্যিক চুক্তি করেছে সৌদি আরব।
সোমবার (২৪ আগস্ট) প্যারিসে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সফরের সময় এসব চুক্তি স্বাক্ষরিত হয়। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, পরিবহন খাতের চুক্তি দুটির সম্মিলিত মূল্য প্রায় ১ বিলিয়ন ইউরো।
প্রথম চুক্তিটি হয়েছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল বা আরএসজিটি এবং ফরাসি শিপিং জায়ান্ট সিএমএ সিজিএমের মধ্যে। প্রায় ৪৩৪ মিলিয়ন ডলার বা ১.৬ বিলিয়ন সৌদি রিয়াল বিনিয়োগে জেদ্দা ইসলামিক বন্দরের টার্মিনাল-৪ যৌথভাবে উন্নয়ন ও পরিচালনা করবে প্রতিষ্ঠান দুটি।
প্রকল্পের আওতায় নতুন গভীর পানির জেটি তৈরি করা হবে, যেখানে বিশ্বের সবচেয়ে বড় কনটেইনারবাহী জাহাজগুলো নোঙর করতে পারবে। পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ও ১০টি নতুন জাহাজ-থেকে-তীরে কনটেইনার ওঠানো-নামানোর ক্রেন যুক্ত করা হবে। এর ফলে বন্দরের বার্ষিক কনটেইনার পরিচালনার সক্ষমতা সর্বোচ্চ ২৬ লাখ টিইইউ পর্যন্ত বাড়বে।
সিএমএ সিজিএম বলছে, এই বিনিয়োগ জেদ্দা বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য ও পণ্য পরিবহনের কেন্দ্র হিসেবে সৌদি আরবের অবস্থান আরও শক্তিশালী করবে। প্রকল্পটি সৌদি আরবের জাতীয় পরিবহন ও লজিস্টিকস কৌশল এবং ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্যগুলোর সঙ্গেও যুক্ত।
অন্যদিকে রিয়াদের গণপরিবহন ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ফরাসি রেল ও পরিবহন প্রযুক্তি প্রতিষ্ঠান আলস্টমের সঙ্গে প্রায় ৫০০ মিলিয়ন ইউরোর চুক্তি হয়েছে। এর আওতায় রিয়াদ মেট্রোর ৩ ও ৬ নম্বর লাইনের জন্য অতিরিক্ত ট্রেন সরবরাহ করবে আলস্টম।
এর পাশাপাশি রিয়াদ মেট্রোর নতুন ৭ নম্বর লাইনের জন্য সৌদি আরবের ভেতরেই মেট্রো ট্রেন সংযোজন কারখানা স্থাপনের বিষয়ে আলস্টম ও রয়্যাল কমিশন ফর রিয়াদ সিটির মধ্যে আলাদা একটি সমঝোতাও হয়েছে।
চুক্তিগুলো এমন সময়ে হলো, যখন তেলনির্ভরতা কমিয়ে পরিবহন, শিল্প, পর্যটন ও লজিস্টিকস খাতে বড় বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে বহুমুখী করার চেষ্টা করছে সৌদি আরব। একই সফরে ফ্রান্স ও সৌদি আরব তাদের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে।
সূত্র: সিএমএ সিজিএম
মন্তব্যসমূহ