নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ, ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্রভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে শনাক্ত ও গ্রেপ্তারে জনসাধারণের সহায়তা চেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। অভিযুক্তকে ধরিয়ে দিতে সহায়তাকারী এবং সঠিক তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত যুবকের চেহারা শনাক্তের পর শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর রেলওয়ে স্টেশনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তার ছবি সংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার লাগানো হয়।
এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার হাফিজ আল আসাদ জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তারে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। যুবককে শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে সহায়তাকারীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার প্রত্যাশা করছে সংস্থাটি।
এদিকে নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে থানা পুলিশ, সিআইডি, রেলওয়ে পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা কাজ করছেন। গোয়েন্দা তৎপরতাসহ বিভিন্নভাবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্তের বাড়ি অন্য এলাকায় হওয়ায় তাকে গ্রেপ্তারে কিছুটা সময় লাগছে বলেও জানান তিনি।
ঘটনার সূত্রপাত গত ৭ অক্টোবর। বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছান জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলে।
একপর্যায়ে এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান ক্রিল ল্যান্ডার। টাকা তুলে ফিরে এসে ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি তিনি।
চুরি হওয়া ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যুবক সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সংশ্লিষ্ট বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
মন্তব্যসমূহ