ঝিনাইদহ পৌরসভার বাইপাস সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকালে শহরের বাইপাস গ্যাসডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোহেল মিয়া ও তার স্ত্রী তুলি খাতুন। সোহেল মিয়া চট্টগ্রাম সেনাবাহিনীর বিএম-এ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইল জেলা শহরে বলে জানা গেছে। আর তুলি খাতুন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে তুলি খাতুন তার স্বামী সোহেল মিয়াকে সঙ্গে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। তারা বাইপাস গ্যাসডিপো এলাকায় পৌঁছালে পাশের সড়ক থেকে একটি রিকশা মূল সড়কে ওঠে। রিকশাটির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে সোহেল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কে পড়ে গিয়ে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে চলে যায়।
এতে ঘটনাস্থলেই তুলি খাতুন নিহত হন। গুরুতর আহত হন তার স্বামী সোহেল মিয়া। পরে খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্যসমূহ