কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাহাজুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি আত্মরক্ষামূলক পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, দৌলতপুরের জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিপরীতে বাংলাদেশের সীমান্তরেখা থেকে আনুমানিক ৩০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
ওই সময় নিজের জমিতে কৃষিকাজ করছিলেন জামালপুর গ্রামের বাসিন্দা সাহাজুল ইসলাম। তিনি স্থানীয় সাবাজ মণ্ডলের ছেলে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, কৃষিকাজে ব্যস্ত থাকা অবস্থায় বিএসএফ সদস্যদের ছোড়া গুলি সাহাজুলের পায়ে লাগে। এতে তিনি আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
ঘটনার পর সীমান্ত এলাকায় সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থান নেয় বিজিবি। সীমান্তবর্তী বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়।
একই সঙ্গে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিএসএফের গুলির জবাবে পাল্টা ফায়ার করে বিজিবি সদস্যরা।
কুষ্টিয়া সেক্টর কমান্ডার ৪৭ বিজিবির কর্নেল ইখতেখার ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বাহিনীর সদস্যরা পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এদিকে আহত কৃষকের বর্তমান শারীরিক অবস্থা এবং সীমান্ত পরিস্থিতির পরবর্তী অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ