দীর্ঘ ১৭ বছরের শাসন ও নিপীড়নের সময় পার করে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে। এ উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ কর্মসূচিগুলো তুলে ধরেন।
রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ সময় ধরে নানা ধরনের রাজনৈতিক চাপ, নিপীড়ন ও নির্যাতনের মধ্যেও বিএনপি টিকে রয়েছে। তাঁর দাবি, খালেদা জিয়া ও দলের বর্তমান নেতৃত্বের অধীনে বিএনপি এখন দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে অবস্থান করছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ কর্মসূচিতে দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
এ ছাড়া ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দলের পক্ষ থেকে সুবিধাজনক সময়ে দেশব্যাপী বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও পালন করা হবে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আদর্শকে সামনে রেখে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
রিজভীর দাবি, জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের অর্থনীতি ও খাদ্য উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল এবং নিরক্ষরতা দূরীকরণেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। এসব সাফল্যকে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা মেনে নিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের কথাও স্মরণ করেন রিজভী। তিনি বলেন, এরশাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন সময়ে খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপসহীনভাবে সংগ্রাম করেছেন।
মন্তব্যসমূহ