ফিলিস্তিনে পূর্বনির্ধারিত আইনসভা নির্বাচন স্থগিত করে নতুন নির্বাচনী সময়সূচি ঘোষণা করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর দেশটিতে প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে চলতি বছরের ২৮ নভেম্বর আইনসভা নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ে ভোট আয়োজনের অনুকূল পরিবেশ না থাকায় নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটির সিদ্ধান্ত এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন স্থগিতের পেছনে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট প্রতিবন্ধকতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনি পক্ষগুলোর মতে, বিদ্যমান পরিস্থিতিতে পূর্বঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে ভোটের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে আরও সময় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ওয়াফার প্রতিবেদনে আরও জানানো হয়, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে থাকা জরুরি।
পাশাপাশি নির্বাচনী কার্যক্রম পরিচালনার উপযোগী মাঠপর্যায়ের পরিস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়েও সংশ্লিষ্ট ফিলিস্তিনি রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পূর্বনির্ধারিত নির্বাচনের সময়সূচি পরিবর্তন করেছেন।
নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্র : আল-জাজিরা
মন্তব্যসমূহ