২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা নিয়ে মরক্কো ও সেনেগালের দীর্ঘদিনের বিরোধ এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। মাঠের ফলাফল ও আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সিদ্ধান্ত নিয়ে তৈরি হওয়া বিতর্কের সমাধান দেবে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।
সুইজারল্যান্ডের লসানে অবস্থিত ক্রীড়া আদালতে গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। এখন সালিসি প্যানেল উভয় পক্ষের যুক্তি ও প্রাসঙ্গিক বিধিবিধান পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
সেনেগালের সংবাদমাধ্যম সেনেনিউজের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৮ থেকে ২২ অক্টোবরের মধ্যে আদালতের রায় ঘোষণা করা হতে পারে। তবে এটি সম্ভাব্য সময়সীমা; আদালতের পক্ষ থেকে চূড়ান্ত তারিখ নিশ্চিত করার তথ্য পাওয়া যায়নি।
বিতর্কের শুরু চলতি বছরের জানুয়ারিতে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনাল ম্যাচে।
সেই ম্যাচে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে মাঠের লড়াইয়ে জয়ী হয় সেনেগাল। তবে ম্যাচ চলাকালে রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে চলে যান।
পরে তারা আবার মাঠে ফিরে খেলা চালিয়ে যান এবং গোল করে ম্যাচ জিতে নেন। মাঠের ফলাফলে সেনেগাল চ্যাম্পিয়ন হলেও ম্যাচ চলাকালে তাদের মাঠ ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়।
পরবর্তী সময়ে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) সেনেগালকে পরাজিত দল হিসেবে ঘোষণা করে। সংস্থাটির সিদ্ধান্ত অনুযায়ী মরক্কোকে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
এই সিদ্ধান্ত মেনে নেয়নি সেনেগাল ফুটবল ফেডারেশন। শিরোপার অধিকার ফিরে পেতে তারা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে।
আইনি লড়াইয়ে দুই দেশের ফুটবল কর্তৃপক্ষ ভিন্ন ভিন্ন বিধানের ওপর নির্ভর করছে।
সেনেগালের যুক্তির মূল ভিত্তি খেলার নিয়মের ৫ নম্বর অনুচ্ছেদ, যেখানে ম্যাচ পরিচালনায় রেফারির ক্ষমতা ও দায়িত্বের বিষয়টি রয়েছে।
অন্যদিকে মরক্কো আফ্রিকা কাপ অব নেশনসের প্রতিযোগিতা বিধিমালার ৮২ ও ৮৪ নম্বর অনুচ্ছেদের ওপর গুরুত্ব দিচ্ছে। এই বিধানগুলোর ভিত্তিতেই সিএএফের আপিল কমিটি মরক্কোর পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ক্রীড়া আদালতের মহাপরিচালক ম্যাথিউ রিব জানিয়েছেন, শিরোপার চূড়ান্ত নিষ্পত্তির জন্য সমর্থকদের দীর্ঘ অপেক্ষার বিষয়টি আদালত অবগত রয়েছে।
তিনি ব্যাখ্যা করেন, শুনানির তারিখ ও বিচারিক কার্যক্রমের সময়সূচি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হয়েছিল।
শুনানি শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব যুক্তিসংগত ও ব্যাখ্যাসংবলিত রায় প্রকাশের লক্ষ্য রয়েছে আদালতের।
ফলে প্রায় নয় মাস ধরে চলা শিরোপা বিতর্কের নিষ্পত্তি এখন আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সেই রায়েই নির্ধারিত হবে ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের চ্যাম্পিয়ন হিসেবে শেষ পর্যন্ত মরক্কো নাকি সেনেগাল স্বীকৃতি পাবে।
সূত্র : রয়টার্স
মন্তব্যসমূহ