সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা এখনো চোখে পড়া জাতির জন্য ব্যর্থতার বিষয়। তবে নিষিদ্ধ দল নিয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চান না।
মঙ্গলবার (২৩ জুন) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে একটি রাজনৈতিক দল শেষ পর্যন্ত জনগণের কাছে পরিত্যক্ত ও প্রত্যাখ্যাত হয়েছে এবং পরে নিষিদ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের বৈধতা জনগণই নির্ধারণ করে। জনগণ যেহেতু তাদের প্রত্যাখ্যান করেছে এবং আইনগতভাবেও নিষিদ্ধ করা হয়েছে, তাই এ বিষয়ে নতুন করে আলোচনা করার প্রয়োজন নেই।
সৌরবিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে মন্ত্রী জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অব্যবহৃত জমি চিহ্নিত করে সেগুলোকে সৌরবিদ্যুৎ প্রকল্পে ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, তিন একরের বেশি জমিতে প্রায় এক মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এসব প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয়ভাবে ব্যবহার করা হবে এবং জাতীয় গ্রিডেও সরবরাহ করা হবে।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।