শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘নকল’ শব্দটি এখন অতীত হলেও বর্তমানে এটি ডিজিটালভাবে ঘটছে, যা কঠোরভাবে প্রতিহত করতে হবে।
মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নকলের পুরোনো ধারা প্রায় শেষ হলেও নতুন প্রযুক্তির মাধ্যমে পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের প্রবণতা দেখা যাচ্ছে, যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশে উচ্চশিক্ষা নিয়ে অতিরিক্ত আগ্রহ দেখা যাচ্ছে, অনেকেই শুধুমাত্র অনার্স কোর্স খুলতে আগ্রহী হচ্ছে, যা পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে।
তিনি জানান, সব শিক্ষা বোর্ডের খাতা এলোমেলোভাবে (র্যান্ডমলি) যাচাই করা হবে, যাতে কোনো পরীক্ষক কম বা বেশি নম্বর প্রদান করছে কি না তা নিশ্চিত করা যায়।
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।