২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ্-আল-ফারুক।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীমা পারভীন, ২৫তম বিসিএস ফোরামের বিদায়ী সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়া, ডিএমপির উত্তরা বিভাগের (ডিবি) উপপুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবিরসহ বিভিন্ন বিসিএস পুলিশ ব্যাচের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটির সভাপতি মো. আনিসুজ্জামান এর আগে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সংগঠনটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ্-আল-ফারুক বর্তমানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০০৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের পুলিশ ক্যাডারে যোগ দেন ২৫তম বিসিএসের কর্মকর্তারা। বর্তমানে তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠার পর থেকে ২৫তম বিসিএস (পুলিশ) ফোরাম ব্যাচের সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে আসছে।
মন্তব্যসমূহ