বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে মতপ্রকাশের স্বাধীনতা ও জাতীয় মর্যাদা রক্ষার প্রতীক হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার ভাষ্য, দেশের সার্বভৌমত্বের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে আবরার জীবন দিয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) বিকালে পুরান ঢাকার পলাশী এলাকায় আগ্রাসন বিরোধী আট স্তম্ভের পাদদেশে আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছরে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলে আবরারের ঘটনার মতো আরও কয়েকশ ঘটনা ঘটেছে। কিন্তু সেসব ঘটনার বিচার এখনও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
আবরার ফাহাদের প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, “আবরার ফাহাদ সে সময় আওয়ামী লীগ বা ছাত্রলীগের বিরুদ্ধে কিছু বলেনি। সে শুধু ভারতীয় আগ্রাসনের কথা বলেছিল৷ বিশেষ করে ফেনী নদীর পানি নিয়ে দেশটির সঙ্গে চুক্তির বিষয়ে প্রশ্ন তুলেছিল, বিনিময়ে আমরা কি পেলাম? তাতেই ছাত্রলীগ তাকে নির্মমভাবে হত্যা করে।”
প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে প্রশ্ন না থাকলেও সেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ কতটা আদায় হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “বর্তমানে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব নিয়ে আমাদের কোনও প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের স্বার্থ আদায় হচ্ছে কি না। ভারতের সঙ্গে আমাদের অনেক নদী রয়েছে। কিন্তু গত ৫০ বছরেও এসব নদীর পানি নিয়ে ন্যায্য হিস্যা আমরা পাইনি। গঙ্গার জলে ফারাক্কা বাঁধ নির্মাণ করে, তারা পানি নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে আমাদের জনগণকেও শোষণ করেছে।”
মন্তব্যসমূহ