জাপানের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। রোববার ভোরে ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬৮ কিলোমিটার গভীরে। জাপানের সাত স্তরের ভূমিকম্প তীব্রতা স্কেলে ইবারাকির বিভিন্ন এলাকা ও টোকিওর কিছু অংশে ‘লোয়ার ৫’ মাত্রার কম্পন রেকর্ড করা হয়।
ভূমিকম্পে সাইতামা, কানাগাওয়া ও চিবা প্রিফেকচারে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। কানাগাওয়ায় ৯ জন এবং চিবায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সাইতামায় আহতদের মধ্যে একজন তরুণ ও ৭০ বছরের বেশি বয়সী এক নারী রয়েছেন।
কম্পনের কারণে বিভিন্ন ট্রেন পরিষেবায় বিলম্ব হয়। নিরাপত্তার স্বার্থে কিছু ট্রেন ধীরগতিতে চালানো হয় এবং তোবু রেলওয়ের কয়েকটি এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
তবে ইবারাকির তোকাই-২ এবং ফুকুশিমা দাইইচি ও ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য দ্রুত সংগ্রহ এবং জনগণকে প্রয়োজনীয় তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী এক সপ্তাহ একই ধরনের শক্তিশালী কম্পনের ঝুঁকি রয়েছে। বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ