রাজধানীর তেজগাঁও থানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন থানাটি পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, থানার অবকাঠামো এবং সাধারণ নাগরিকদের পুলিশি সেবার মান সম্পর্কে সরেজমিনে খোঁজ নেন তিনি।
পরিদর্শনের সময় থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি থানা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এর মধ্যে পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) পরিদর্শন করেন।
ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন সুবিধা, মেসের খাবারের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। পাশাপাশি নাইট ডিউটি ও শিফট ডিউটির সময়সূচি এবং পুলিশ সদস্যদের কর্মপরিবেশ নিয়েও খোঁজখবর নেন।
থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিডি ও অভিযোগ করতে আসা কয়েকজন ভুক্তভোগীর সমস্যার কথা শোনেন তিনি। তাদের অভিযোগ দ্রুত, স্বচ্ছ ও দায়িত্বশীলতার সঙ্গে নিষ্পত্তির জন্য অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সেবা দেওয়া। প্রতিটি থানাকে মানুষের আস্থা ও নির্ভরতার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে। নাগরিকরা যেন কোনো ধরনের ভয় বা সংকোচ ছাড়াই থানায় এসে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। থানায় সেবা নিতে আসা কোনো ব্যক্তি যাতে হয়রানি, অবহেলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে হবে।
পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ