ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশন সদর দপ্তর ঘেরাও কর্মসূচিতে বাধা পেয়ে দীর্ঘ ৯ ঘণ্টা অবস্থান ধর্মঘটের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রায় অর্ধশত সংসদ সদস্যকে আটক করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিল্লির আকাশবাণী ভবনের সামনে দীর্ঘ অবস্থানের পর রাতে পুলিশ চড়াও হয়ে তাদের আটক করে। এর আগে দুপুরের দিকে একবার তাদের সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করে বাসে তোলা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছিল। রাতের অভিযানে রাহুল-প্রিয়াঙ্কা ছাড়াও কংগ্রেসের শীর্ষ নেতা ও এমপি পবন খেরা, কেসি ভেনুগোপাল এবং অমরিন্দর সিং রাজা ওয়ারিংসহ অন্তত ৫০ জন সংসদ সদস্যকে প্রিজন ভ্যানে তুলে কিংসওয়ে ক্যাম্পের নিউ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।
ভোটার তালিকায় অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে সিইসির সঙ্গে সাক্ষাৎ এবং তার পদত্যাগের দাবিতে এই পদযাত্রা বের করেছিল বিরোধী জোট। তবে নির্বাচন কমিশন দপ্তরের মাত্র ৫০ মিটার আগেই ব্যারিকেড দিয়ে পুরো এলাকা অবরুদ্ধ করে রাখে পুলিশ। আটকের আগে ক্ষোভ প্রকাশ করে রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, সংসদ সদস্যদের মাত্র ৫০ মিটার দূরের কমিশন কার্যালয়ে যেতে দেওয়া হচ্ছে না এবং অন্তত ৩০০ জন এমপি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলতে চাইলেও তিনি বৈঠক এড়িয়ে চলছেন, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
সূত্র: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া
মন্তব্যসমূহ