বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপানের টয়োটা তুশো করপোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংস্থাটির ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে টয়োটার ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ, বিনিয়োগের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরা হয়। টয়োটার পক্ষ থেকে জানানো হয়, ২০২৭ সালে দেশের একটি অর্থনৈতিক অঞ্চলে ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’ উন্নয়ন দর্শন সামনে রেখে হাইব্রিড ইলেকট্রিক ভেহিক্যাল (HEV) উৎপাদন কারখানা তৈরির কাজ শুরু হবে এবং ২০২৯ সালের মধ্যে এটি পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে। পাশাপাশি টয়োটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দেশের সব বিভাগীয় শহরে সম্প্রসারণ এবং স্থানীয় তরুণদের জন্য আধুনিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির আগ্রহ প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রী টয়োটার এই বিনিয়োগ উদ্যোগকে স্বাগত জানান। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের মতো উদীয়মান ক্ষেত্রগুলোতেও টয়োটাকে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রয়োজনীয় নীতি সহায়তার আশ্বাস দেন তিনি।
উক্ত বৈঠকে সরকারের পক্ষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ শীর্ষ প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
মন্তব্যসমূহ