গাজামুখী ‘গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা’ বহরে হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে তুরস্ক। দেশটির বিচারমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
গুরলেকের দাবি, গণহত্যাসহ বিভিন্ন অভিযোগে গত ১৪ জুলাই নেতানিয়াহু ও আফেক মোসকোভিচ নামে আরেক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাদের আন্তর্জাতিকভাবে খুঁজে বের করার প্রক্রিয়া শুরু করতে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
তুরস্কের বিচারমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ইস্তাম্বুলের ১১তম হেভি পেনাল কোর্টে চলমান মামলায় মোট ৩৫ জন আসামি রয়েছেন। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর আন্তর্জাতিক জলসীমায় সশস্ত্র হামলার অভিযোগকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে।
নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন, ইচ্ছাকৃতভাবে আহত করা, বেআইনিভাবে স্বাধীনতা হরণ, সম্পত্তির ক্ষতি, ডাকাতি ও পরিবহন ছিনতাইসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
গুরলেক তার পোস্টে বলেন, গাজায় সংঘটিত অপরাধকে আড়াল করার কোনো সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে এসব ঘটনায় দায়ীদের শাস্তির আওতা থেকে রক্ষা করার বিরুদ্ধেও তুরস্ক অবস্থান নেবে বলে জানান তিনি।
সূত্র : তুর্কি টুডে
মন্তব্যসমূহ