পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয়েক ঘণ্টা চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার (২১ আগস্ট) ভোরে তাকে ফের আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
ইমরান খানকে কারাগারে ফেরত নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।
পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘ সময় কারাবন্দি থাকার কারণে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হয়েছে। তার চিকিৎসা ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দলটি নিয়মিত উদ্বেগ প্রকাশ করে আসছে।
এর আগে গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। সরকারের পক্ষ থেকে ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করা হলেও বৃহস্পতিবার আদালত তা ফেরত পাঠান।
এদিকে ইমরান খানের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশও দিয়েছেন আদালত।
৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।
ইমরান খান ও তার দল শুরু থেকেই অভিযোগ করে আসছে, রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে বিভিন্ন মামলায় কারাবন্দি রাখা হয়েছে। তবে পাকিস্তান সরকার তাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে।
মন্তব্যসমূহ