বাংলাদেশের রাজনীতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সর্বজন শ্রদ্ধেয় ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেছেন, দল-মত নির্বিশেষে মির্জা ফখরুল মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব।
বুধবার (১৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি পোস্টে মন্তব্য করে এসব কথা বলেন সারজিস আলম।
সারজিস তার মন্তব্যে লেখেন, “বাংলাদেশের রাজনীতিতে আপনি সর্বজন শ্রদ্ধেয়, সজ্জন একজন রাজনীতিবিদ। দল-মত নির্বিশেষে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব।”
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে মির্জা ফখরুলের সংগ্রাম ও ত্যাগ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
সারজিস আলম মির্জা ফখরুলের নতুন পথচলার জন্য শুভকামনা জানিয়ে বলেন, তার এই যাত্রা দেশের কল্যাণ, ইনসাফ প্রতিষ্ঠা, বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখুক।
এর আগে বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেখানে তিনি লেখেন, “আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি।”
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে তার দলীয় পদ ছাড়ার প্রসঙ্গেই এই বিদায়ী বার্তা দিয়েছেন বলে জানা গেছে।
মন্তব্যসমূহ