চলমান বাজেট অধিবেশনে সংসদ কক্ষে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন। বিশেষ করে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীদের আসন খালি থাকার বিষয়টি স্পিকারের নজরে আনেন তিনি।
সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন।
তিনি বলেন, সংসদ সদস্যরা প্রস্তুতি নিয়ে অধিবেশনে আসেন। সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। কিন্তু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অনেক মন্ত্রী সংসদ কক্ষে উপস্থিত থাকেন না। স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতির বিষয়টিও তিনি তুলে ধরেন।
এ সময় অধিবেশন কক্ষে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে স্পিকারের সহযোগিতা চান তিনি।
এর জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, অধিবেশনে মন্ত্রীদের আরও বেশি উপস্থিতি কাম্য। অর্থমন্ত্রী উপস্থিত আছেন, তবে অন্য মন্ত্রীদেরও সংসদ সদস্যদের বক্তব্য শোনার জন্য উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। স্পিকার বলেন, বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রীরা উপস্থিত থাকলে তা সংসদের কার্যক্রমকে আরও অর্থবহ করবে।
এরপর সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, অনেক মন্ত্রী রাষ্ট্রীয় কাজসহ বিভিন্ন দায়িত্বে ব্যস্ত থাকেন। তবে সংসদে তাদের উপস্থিত থাকা উচিত এবং উপস্থিত থাকলে ভালো হয়।
তিনি বলেন, অর্থমন্ত্রী শুরু থেকে অধিবেশনে উপস্থিত রয়েছেন। কারণ বাজেট সংক্রান্ত বিভিন্ন খাত নিয়ে শেষ পর্যন্ত অর্থমন্ত্রীকেই বক্তব্য দিতে হয়। স্বাস্থ্য, বিদ্যুৎ, পুলিশ, আইনসহ বিভিন্ন খাতের বাজেট বিষয়ে অর্থমন্ত্রীই চূড়ান্ত ব্যাখ্যা দেবেন।
চিফ হুইপ আরও বলেন, অর্থমন্ত্রীর পাশাপাশি স্থানীয় সরকারমন্ত্রীও নিয়মিত সংসদে উপস্থিত থাকেন। তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য মন্ত্রীরাও সংসদে উপস্থিত থেকে সরকারি ও বিরোধী দলের সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনবেন এবং সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।