মার্কিন সংগীতশিল্পী একন জানিয়েছেন, ক্যারিয়ারের এক ব্যতিক্রমী কনসার্টে মাত্র তিনজন শ্রোতার সামনে গান গেয়ে তিনি পেয়েছিলেন ১০ লাখ ডলার পারিশ্রমিক।
সম্প্রতি ‘ফ্ল্যাগর্যান্ট’ পডকাস্টে নিজের সেই অভিজ্ঞতার কথা জানান জনপ্রিয় এই গায়ক। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের একটি ধনী পরিবারের ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন তিনি।
ওই পরিবারের এক সদস্য একনের বড় ভক্ত ছিলেন। তার অনুরোধেই আয়োজন করা হয় বিশেষ এই কনসার্টের। তবে আয়োজন দেখে একনও ধারণা করেছিলেন, সেখানে অনেক দর্শক উপস্থিত থাকবেন।
কনসার্টের জন্য একনের সঙ্গে গিয়েছিল পুরো ট্যুরিং টিম। সাউন্ড ইঞ্জিনিয়ার, লাইটিং কর্মী, রোড ম্যানেজার ও ব্যবসায়িক ব্যবস্থাপকসহ পুরো দলের জন্য ছিল আলাদা ব্যবস্থা।
একন জানান, তাকে অনুষ্ঠানে নেওয়ার জন্য একটি বিশেষ ৭৪৭ উড়োজাহাজ পাঠানো হয়েছিল। উড়োজাহাজটিতে ছিল শোবার ঘর, গোসলের ব্যবস্থা, গেম রুম ও থিয়েটারের মতো বিলাসবহুল সুবিধা।
তবে অনুষ্ঠানের ভেন্যুতে পৌঁছে তিনি অবাক হন। বিশাল হল, বড় মঞ্চ, এলইডি লাইট ও লেজারের আয়োজন থাকলেও দর্শকের জন্য রাখা ছিল মাত্র তিনটি চেয়ার।
একনের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই পরিবারের তিন সদস্য। তাদের মধ্যে একজন ছিলেন তার ভক্ত। শুরুতে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করলেও পরে ওই ভক্ত বারবার ‘মিস্টার লোনলি’ গানটি গাওয়ার অনুরোধ করেন।
একন জানান, শেষ পর্যন্ত পুরো এক ঘণ্টা তাকে একই গান গাইতে হয়েছে। তিনি মজা করে বলেন, সে সময় তাকে অনেকটা সিডি প্লেয়ারের মতো মনে হচ্ছিল।
এত বড় আয়োজনের বিপরীতে মাত্র তিনজন দর্শকের সামনে পারফর্ম করার ঘটনাকে নিজের ক্যারিয়ারের অন্যতম অদ্ভুত অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন তিনি।
একন আরও জানান, পুরো অনুষ্ঠানের আয়োজন, পারিশ্রমিক ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ৫০ লাখ ডলার ব্যয় হয়েছিল। পরে তিনি রসিকতা করে বলেন, আগে থেকে বিষয়টি জানলে এত বড় আয়োজনের প্রয়োজন ছিল না। ছোট পরিসরেই অনুষ্ঠান করা যেত।
২০০৪ সালে প্রথম অ্যালবাম ‘ট্রাবল’ প্রকাশের পর আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিতি পান সেনেগালিজ-আমেরিকান এই শিল্পী। ‘লকড আপ’, ‘লোনলি’, ‘স্ম্যাক দ্যাট’, ‘আই ওয়ানা লাভ ইউ’, ‘ডোন্ট ম্যাটার’ এবং ‘বিউটিফুল’-এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন তিনি।
মন্তব্যসমূহ