ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ও সফল মডেল-অভিনেত্রী জেনিফার উইঙ্গেট ভক্তদের চমকে দিয়ে বিয়ে করেছেন সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে। গত জুলাইয়ে যুক্তরাজ্যের ওয়েলসে অত্যন্ত গোপনীয় ও ঘরোয়া পরিবেশে খ্রিস্টান রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সাবেক স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর ৪০ বছর বয়সে এসে নিজের ভালোবাসার মানুষকে খুঁজে নেন জেনিফার।
উইলিয়াম ইসমাইলের সঙ্গে জেনিফারের প্রথম পরিচয় হয়েছিল ২০১২ সালে এক বন্ধুর পার্টিতে। তবে পরিচয়ের পর দীর্ঘ সময় তারা সম্পর্কে জড়াননি। ২০২৩ সালে তারা ডেটিং শুরু করেন। এরপর থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ছুটি কাটানোর সময় উইলিয়াম জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘদিনের সেই সম্পর্কের পর ২০২৬ সালের জুলাইয়ে বিয়ের মাধ্যমে পূর্ণতা পায় তাদের ভালোবাসা।
তবে এত বড় খবর এতদিন লোকচক্ষুর আড়ালে রাখা নিয়ে নানা আলোচনা চলছিল। বিয়ের পর প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুলেছেন জেনিফার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ‘গোপন’ বিয়ে প্রসঙ্গে হেসে অভিনেত্রী বলেন, ‘এটা কি সত্যিই গোপন কিছু ছিল? সবকিছুই তো সবার সামনেই ঘটেছে।’
জেনিফার বলেন, ‘সত্যি বলতে—নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে চাইলেও একজন তারকা হওয়ার কারণে তা সম্ভব হয় না। কারণ সবাই সবকিছু জানতে চায়। এখানে লুকানোর কিছু নেই—ভালো থাকুন, ভালো কাজ করুন, সবই ভালো হবে।’
ভালোবাসা সম্পর্কে নিজের উপলব্ধির কথাও জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘ভালোবাসা বলতে আমি শুধু কাপল কিংবা রোমান্টিক প্রেম বুঝি না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যায় পরিবার, বন্ধুবান্ধব কিংবা পোষা প্রাণীর শর্তহীন ভালোবাসাও কতটা গুরুত্বপূর্ণ। তাই ভালোবাসা শুধু একটা সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়।’
জেনিফার আরও বলেন, ‘জীবনে একবার মন ভেঙে গেলেই পৃথিবী শেষ হয়ে যায় না। বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়, সম্পর্ক ভাঙে, জীবন ওঠানামার মধ্য দিয়েই এগিয়ে যায়—আর এটাই জীবনের মজা।’
সাবেক স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর প্রেম ও সম্পর্কের ওপর থেকে তার বিশ্বাস উঠে গেছে কি না—এমন প্রশ্নের জবাবে জেনিফার বলেন, তিনি সবসময়ই ভালোবাসায় বিশ্বাসী।
মন্তব্যসমূহ