র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আইনটির খসড়া অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রস্তাবিত আইনে বর্তমান র্যাবের কাঠামো বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে এসআরবি নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। নতুন ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামোও এতে নির্ধারণ করা হবে।
নাগরিকদের অভিযোগ এবং এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ বা সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে ইউনিটটির কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগগুলো নির্দিষ্ট কাঠামোর আওতায় নিষ্পত্তির ব্যবস্থা থাকবে।
খসড়া আইনে র্যাবের বর্তমান জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, নথিপত্র এবং অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে।
এ ছাড়া নতুন বিধিমালা কার্যকর না হওয়া পর্যন্ত র্যাবের বিদ্যমান বিভাগীয় কার্যধারা সংক্রান্ত বিধিমালা প্রয়োজনীয় পরিবর্তন ও অভিযোজনসহ বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।
ফলে প্রস্তাবিত আইনের মাধ্যমে র্যাবের বিদ্যমান কাঠামো বিলুপ্ত হলেও এর জনবল, সম্পদ ও সংশ্লিষ্ট কার্যক্রম নতুন নামে গঠিত এসআরবির অধীনে স্থানান্তরের আইনি ভিত্তি তৈরি হবে।
মন্তব্যসমূহ