ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকায় ইয়াবাসহ মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মাদক মামলায় তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৬ আগস্ট) বিকেলে শহরের ২ নম্বর কুঠিবাড়ি গুহলক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি গলির সামনে থেকে মেহেরুন্নেসা বৃষ্টিকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে মেথামফেটামিনযুক্ত পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, সাজা কার্যকরের জন্য মেহেরুন্নেসা বৃষ্টিকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ