মালয়েশিয়া রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে সংকট সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সোমবার (২২ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এ কথা বলেন। তিনি জানান, রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা লাঘবে মালয়েশিয়া ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করবে।
মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, আসিয়ানের মাধ্যমে মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে সংকটের অন্তত আংশিক সমাধানের চেষ্টা করা হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, তার দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর একটি। নির্বাচনের পর তারেক রহমানকে অভিনন্দন জানানো প্রথম দেশগুলোর মধ্যেও মালয়েশিয়া ছিল। তিনি ফিলিস্তিন ইস্যুতে এবং গাজায় চলমান পরিস্থিতির বিষয়ে দুই দেশের অভিন্ন অবস্থানের কথাও তুলে ধরেন।
আনোয়ার ইব্রাহিম বলেন, গাজায় ইসরায়েলি নীতির বিরুদ্ধে দুই দেশের অবস্থান এক এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পক্ষে তারা একসঙ্গে কাজ করছে।
সংবাদ সম্মেলনে তিনি তারেক রহমানের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথাও স্মরণ করেন। তিনি বলেন, তারেক রহমানকে তিনি বৃহত্তর পরিবারের অংশ হিসেবে বিবেচনা করেন এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।