ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ‘ট্যাঙ্গলড’ এবার লাইভ-অ্যাকশন রূপে বড় পর্দায় আসছে। সিনেমাটি ২০২৮ সালের ৩১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে ডিজনি। সম্প্রতি ডি২৩ আয়োজনে ছবিটির সংক্ষিপ্ত ফুটেজও দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে।
প্রদর্শিত ফুটেজে প্রথমে একটি দীর্ঘ সিঁড়িজুড়ে রাপুনজেলের পরিচিত সোনালি চুল দেখা যায়। এরপর রাপুনজেল চরিত্রে অভিনয় করা টিগান ক্রফটকে দেখানো হয়। ‘মাদার গোথেল’ চরিত্রে ক্যাথরিন হানের উপস্থিতিও ফুটেজে জায়গা পেয়েছে। এই চরিত্রে তাকে নির্বাচনের খবরে আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল।
লাইভ-অ্যাকশন সংস্করণে রাপুনজেলের সঙ্গী ফ্লিন রাইডারের ভূমিকায় অভিনয় করছেন মাইলো ম্যানহাইম। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন মাইকেল গ্রেসি।
২০১০ সালে মুক্তি পাওয়া ডিজনির মূল অ্যানিমেটেড ‘ট্যাঙ্গলড’ সিনেমার গল্প আবর্তিত হয় রাপুনজেল নামের এক রাজকন্যাকে ঘিরে। জাদুকরী দীর্ঘ চুলের অধিকারী রাপুনজেল একটি উঁচু মিনারে বন্দি অবস্থায় বড় হয়। একসময় এক পলাতক চোরের সঙ্গে পরিচয়ের পর মিনারের বাইরের পৃথিবী দেখার অভিযানে বেরিয়ে পড়ে সে।
মূল অ্যানিমেটেড সিনেমায় বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন ম্যান্ডি মুর, জাকারি লেভি, ডোনা মারফি, রন পার্লম্যান, ব্র্যাড গ্যারেট ও জেফরি ট্যাম্বোরসহ বেশ কয়েকজন তারকা।
লাইভ-অ্যাকশন সংস্করণের প্রথম ঝলক প্রকাশের পর এখন সিনেমাটির পূর্ণাঙ্গ ট্রেলার ও নতুন রূপে রাপুনজেলের গল্প দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
সূত্র: ডেডলাইন
মন্তব্যসমূহ