রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’ ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে নির্ধারিত ১৬ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। ভিএফএক্স ও পোস্ট প্রোডাকশনের কাজ আরও নিখুঁতভাবে শেষ করতে মুক্তির তারিখ প্রায় পাঁচ মাস পিছিয়ে আগামী বছরের ২৬ মার্চ নির্ধারণ করেছেন নির্মাতা।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নতুন মুক্তির তারিখের বিষয়টি নিশ্চিত করেন রায়হান রাফী। একই সঙ্গে কেন সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে, সেটিও ব্যাখ্যা করেন তিনি।
রাফী বলেন, ‘আন্ধার’ তার ক্যারিয়ারের দীর্ঘ সময় ধরে শুট করা এবং সবচেয়ে বেশি যত্ন নিয়ে নির্মাণ করা কাজগুলোর একটি। সিনেমাটি নিয়ে তার নির্দিষ্ট একটি ভিশন রয়েছে এবং দর্শকদের এমন কিছু উপহার দিতে চান, যা তারা আগে দেখেননি।
নির্মাতার ভাষ্য, চাইলে নির্ধারিত ১৬ অক্টোবর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব ছিল। তবে সে ক্ষেত্রে ভিএফএক্স ও পোস্ট প্রোডাকশনের কাজ কাঙ্ক্ষিত মানে শেষ করা সম্ভব হতো না। দর্শকদের মানসম্মত কাজ উপহার দিতে চান বলেই মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।
মুক্তির নতুন সময় নির্ধারণের বিষয়ে রাফী জানান, ঈদকে ঘিরে দর্শক ও প্রেক্ষাগৃহগুলোর বিভিন্ন ধরনের ব্যস্ততা থাকে। পাশাপাশি কোরবানির ঈদও তখন বেশ দূরে। অক্টোবরের মুক্তির তারিখ থেকে একবার সরে আসার পর নতুন করে আর কোনো তারিখ মিস করতে চান না তিনি। সবকিছু বিবেচনা করে আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে ‘আন্ধার’ মুক্তির উপযুক্ত সময় হিসেবে বেছে নেওয়া হয়েছে।
‘আন্ধার’-এর মূল গল্প লিখেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। ভূত নিয়ে দীর্ঘদিনের গবেষণা এবং রেডিওতে জনপ্রিয় ‘ভৌতিস্ট’ অনুষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা সিনেমাটির গল্পে প্রভাব ফেলেছে। চিত্রনাট্য তৈরিতে তাদের সঙ্গে কাজ করেছেন আদনান আদিব খান।
বড় পরিসরের এই সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিন। এছাড়া ‘আন্ধার’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে নতুন দুই অভিনয়শিল্পী ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।
নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, সব ধরনের পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে আগামী বছরের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’।
মন্তব্যসমূহ