মাদকসংক্রান্ত অপরাধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, থানা এলাকায় হোটেল ও স্পা সেন্টারে অবৈধ কর্মকাণ্ড বন্ধ এবং ছিনতাই প্রতিরোধে ২৪ ঘণ্টা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন তিনি।
সভায় ডিএমপি কমিশনার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে। মাদক কারবারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে গোয়েন্দা কার্যক্রম আরও শক্তিশালী করার নির্দেশ দেন তিনি।
থানা এলাকার হোটেল ও স্পা সেন্টারে যাতে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালিত না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন ডিএমপি কমিশনার। কোনো অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত নজরদারি চালিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
ছিনতাই প্রতিরোধে নগরীর ছিনতাইপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে ক্রাইম বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিটিটিসি ও ডিবিকে ২৪ ঘণ্টা মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযান বাড়িয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশও দেন কমিশনার।
মামলার তদন্ত কার্যক্রম আরও কার্যকর করতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন, প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি যথাযথভাবে যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান ডিএমপি কমিশনার।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হকসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং ডিএমপির সব থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা অংশ নেন।
মন্তব্যসমূহ