কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর নতুন ক্লাবের খোঁজে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার শমিত শোম। এবার তার সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউইয়র্ক কসমসের নাম।
ফুটবল অঙ্গনের বিভিন্ন সূত্রে খবর, শমিত নিউইয়র্ক কসমসে যোগ দিতে পারেন। তবে এখন পর্যন্ত খেলোয়াড় বা ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
গত জানুয়ারিতে ক্যাভালরি এফসির সঙ্গে তিন বছরের সম্পর্কের ইতি টানেন শমিত। ২০২৬ মৌসুম শুরুর আগে ক্লাবটি তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করে। এরপর থেকেই তিনি নতুন ক্লাবের অপেক্ষায় ছিলেন।
নিউইয়র্ক কসমস বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুটবল কাঠামোর তৃতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করছে। ঐতিহ্যবাহী এই ক্লাবটির হয়ে অতীতে খেলেছেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি পেলে ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। পেলে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত কসমসের জার্সিতে খেলেছিলেন।
আন্তর্জাতিক ফুটবলেও শমিতের পথচলা বেশ আলোচিত। ক্যারিয়ারের শুরুতে কানাডার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। পরে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে লাল-সবুজের জার্সিতে খেলার সিদ্ধান্ত নেন।
গত বছরের জুনে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের হয়ে তার অভিষেক হয়। এরপর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি।
এখন নিউইয়র্ক কসমসে তার সম্ভাব্য যোগদান বাস্তবে রূপ নেয় কি না, সেটিই দেখার বিষয়।
মন্তব্যসমূহ